বিনা শর্তে আলোচনা করতে রাজি ইউক্রেন
ইউক্রেনে চলমান অভিযানের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক বাহিনীকে সতর্ক করে দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন। এ প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাশিয়ার সাথে ‘পূর্ব শর্ত ছাড়া’ আলোচনা করতে সম্মত হয়েছেন।
গতকাল ইউক্রেইনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে মস্কো জানানোর পর জেলেনস্কি বলেছিলেন, যে দেশের ভূখণ্ড ব্যবহার করে আক্রমণ হয়েছে, সেখানে কোনো বৈঠকে তারা যাবেন না। তবে অন্য কোনো স্থানে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই তার। এর পরেই রুশ পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্কাবস্থায়’ রাখতে নির্দেশ দেন পুতিন। আদেশ রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা। এ প্রেক্ষিতে বিনা শর্তে আলোচনায় সম্মতি দেন জেলেনস্কি। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সাথে ফোনে আলাপ করার পর জেলেনস্কি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছেন. ‘আমরা সম্মত হয়েছি যে, ইউক্রেনীয় প্রতিনিধিদল প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তে পূর্বশর্ত ছাড়াই রাশিয়ান প্রতিনিধি দলের সাথে দেখা করবে।’