বিহারে হিন্দুদের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যের বৈশালী জেলায় বিহারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
জানা যায় গত রোববার রাতে রাজ্যের বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয়া মানুষকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এদিকে কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় রোববার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়। এরই একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।
শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।