বাগদাদের কোভিড হাসপাতালে আগুন, ২৩ রোগী মারা গেছে
ইরাকের বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৩ জন রোগী মারা গেছে। হাসপাতালটিতে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল।
ইরাকি সময় শনিবার রাতের বেলা ইবনে খাতিব হাসপাতালের ওই অগ্নিকাণ্ডে আরো অনেকেই আহত হয়।
অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন অনেকে।
ইরাকের প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এই ঘটনাকে 'মর্মান্তিক দুর্ঘটনা' বলে উল্লেখ করেছেন। এই দুর্ঘটনার কারণ জানতে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ পর্যন্ত ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন রোগী ও স্বজনকে উদ্ধার করা হয়েছে।
নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রায় ৩০ জন রোগী ছিলেন। কোভিড-১৯ গুরুতর আক্রান্তদের জন্য ওই ইউনিটটি সংরক্ষিত ছিল।
আহত এবং অন্য রোগী যারা আহত হননি তাদেরকে অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, রোববার ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বাগদাদের গভর্নর মোহাম্মেদ জাবেরও প্রধানমন্ত্রীর মতো একই সুরে কথা বলেছেন। এ ঘটনায় কাউকে আইনের আওতায় আনার দরকার আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।