আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু
টিকা কার্যক্রম ও লকডাউনের কারণে বৈশ্বিক মহামারি করোনায় মৃত্যু ও শনাক্ত কমে গেছে। আড়াইশোর উপরে উঠা মৃত্যুর সংখ্যা গতকাল ৮৯-তে নেমে এসেছে। কিন্তু নতুন করে প্রাদুর্ভাব ঘটেছে ডেঙ্গু। গতকালও বিশেষ করে রাজধানী ঢাকার মানুষের মধ্যে ডেঙ্গুজ্বর চরম ভীতি ছড়াচ্ছে। ইতোমধ্যেই এ রোগে মারা গেছে ৪২ জন। গতকালও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৫২ জন ডেঙ্গু রোগী।
ঢাকার দুই টিসি কর্পোরেশনের মেয়রদ্বয়ের এডিস মশা নিধনে ‘কথামালার ফুলঝুড়ি’ চলছে। কিন্তু ক্ষুদ্র প্রাণী এডিস মশার লাগাম টেনে ধরা যাচ্ছে না। এই মশাবাহিত ডেঙ্গু রোগ কাঁপিয়ে দিয়েছে রাজধানী ঢাকার মানুষকে। আতঙ্ক উদ্বেগ-উৎকণ্ঠা এই রোগ নিয়ে সর্বত্র। আতঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের অধিকাংশই হাসপাতালে ভর্তি হলেও কেউ কেউ ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন। সরকারি হাসপাতালে খরচ কম হলেও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের প্রচুর টাকা খরচ করতে হচ্ছে।