আত্মসমর্পণ না করলে মারিওপোলে হামলা চলবেই: পুতিন
ইউক্রেনের অভিযোগ ছিল, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধার করার কাজে তাদের বাধা দিচ্ছিল রুশ সৈন্যরা। শহরটি রুশরা অবরুদ্ধ করে রেখেছে। এমন সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, ইউক্রেনের সৈন্যরা আত্মসমর্পণ না করা পর্যন্ত মারিওপোলে রুশ সেনাদের হামলা ও গোলাবর্ষণ চলবে।
ক্রেমলিন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে প্রায় এক ঘণ্টার একটি ফোনালাপ হয়েছে পুতিনের। সেখানে তিনি এই মন্তব্য করেছেন।
অবশ্য ফ্রান্সের কর্মকর্তারা বলেছেন, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাতেও রাজি আছেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করে। এর পর বেশ কয়েকটি শহরের পতন ঘটে। রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভও ঘিরে ফেলে। এর ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ শহর মারিওপোল অবরুদ্ধ করে ফেলে রুশ সৈন্যরা।
সম্প্রতি পৃথিবী পর্যবেক্ষণ সংস্থা ম্যাক্সার তাদের স্যাটেলাইটে মারিওপোলের নতুন ছবি তুলে ধরে। ছবিতে শহরটিতে ধ্বংসযজ্ঞের চিহ্ন পাওয়া গেছে। আবাসিক এলাকগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শহরের উপকণ্ঠে রাশিয়ান কামানগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ফ্রান্স, তুরস্ক, গ্রীস ও বেশ কয়েকটি মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা পুতিনের কাছে শহরটি খালি করার সুযোগ দেওয়ার আহ্বান করেছিলেন।
ফ্রান্সের কর্মকর্তারা বলেন, মারিওপোলের অবস্থা বিপর্যয়কর। তাদের কথা, ‘বেসামরিক নাগরিকদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে এবং তারা চাইলে শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। তাদেরকে অবশ্যই খাদ্য সহায়তা, পানি এবং তাদের প্রয়োজনীয় ওষুধ দিতে হবে।’
তারা বিবৃতিতে জানিয়েছে, রুশ সেনাদের অবরোধের কারণেই মারিওপোলের এমন ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। তারা বলেন, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থার প্রস্তাবটি পুতিন ভেবে দেখবেন বলে ম্যাখোঁকে জানিয়েছেন।
অবশ্য রাশিয়ার পক্ষ থেকে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ নিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে পুতিন এমন কোনও আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়নি।