আসামি ধরতে রোলার স্কেট ইউনিট
প্রায় সব দেশেই রাস্তাঘাটে চুরি বা হয়রানির মতো অপরাধ হয়ে থাকে। কোথাও কম, কোথাও বেশি। তবে পাকিস্তানে এসব অপরাধ ঠেকাতে পুলিশ সদস্যদের নিয়ে অভিনব এক দল তৈরি করা হয়েছে। এ দলের সদস্যরা রোলার স্কেট ব্যবহার করে অপরাধী আটক করার কাজ করবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে পুলিশের এই বিশেষ দল গঠন করা হয়েছে। এ দলে মোট ২০ জন সদস্য আছেন। তাঁদের পোশাক পুরো কালো রঙের। রোলার স্কেট ব্যবহার করে অপরাধী আটক করার জন্য আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই দলের সদস্যদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এ দলের মাধ্যমে করাচির রাস্তায় অপরাধের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।
এই বিশেষ দলের প্রধান ফররুখ আলি বলেছেন, রাস্তাঘাটে সংঘটিত অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করার প্রয়োজন ছিল। মোটরসাইকেলে করে পুরো শহরে টহল দেওয়ার বদলে রোলার স্কেট ব্যবহার করা সহজ হবে বলে মনে করেন ফররুখ।