আমিরাতের মধ্যস্থতায় সুদান ও ইসরাইলের গোপন বৈঠক
সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় গোপন একটি বৈঠক করেছে সুদানের বিদ্রোহী নেতা ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান।
জানা যায়, মোসাদ প্রধান ইয়োসি কোহেনের সাথে বৈঠকের জন্য সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের কমান্ডার মোহাম্মাদ দাগালো ওরফে হেমদতি ব্যক্তিগত একটি বিমানে করে অজ্ঞাত একটি স্থানের উদ্দেশ্যে উড়াল দেন। তবে বৈঠকটি কবে নাগাদ অনুষ্ঠিত হয়েছে তা জানা যায়নি। তাতে খার্তুম ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা, সীমান্ত অঞ্চলে অর্থনীতি কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অবশ্য, কাউন্সিলের মুখপাত্র মোহামেদ আলফাকি সুলেইমান জানিয়েছেন, ইসরাইলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করে দেখার জন্য পার্লামেন্টকে নির্দেশ দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। সুলেইমান বলেছেন, গত ফেব্রুয়ারিতে সুদানের মিলিটারি প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বিতর্কিত বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকার এই পদক্ষেপ নেয়।
নেতানিয়াহুর সাথে ওই বৈঠকে বুরহান ইসরাইলের সাথে শান্তি চুক্তিতে সই না করলেও ইসরাইলি বিমানগুলোকে টানজিট নিতে সুদানের আকাশ ব্যবহারের অনুমতি দেয়া হয়। বৈঠকটি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিস বলেছিল, এটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রথম ধাপ।