আজ জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা। আরবি ‘বিদা’ শব্দের অর্থ শেষ। আর জুমাতুল বিদা মানে শেষ জুমা বা শেষ শুক্রবার। পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমার দিনটি মুসলমানেদের কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। আজ ১৪৪৩ হিজরির ২৭ রমজান, শেষ জুমাবার।
মুসলমানদের কাছে রমজানের এই শেষ জুমাবারের গুরুত্ব অনেক। এই দিনটি মুসলিমদের মনে করিয়ে দেয়, আরো একটি রমজান মাস বিদায় নিচ্ছে। সেই সাথে নিজেদের গুনাহ মাফের আরো একটি বড় সুযোগ চলে যাচ্ছে। তাই এই দিনে ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা পাপ থেকে মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
জুমা নামাজ শেষে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন। এছাড়া বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। জুমার নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করেন। আজ নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।
রমজানের শেষ এ জুমা ইঙ্গিত দিচ্ছে পবিত্র এ মাসের বিদায়ের। তাই বিচ্ছেদের রক্তক্ষরণ চলছে মুমিন হৃদয়ে। জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙে পড়েন। দুই নয়নে অশ্রু ঝরিয়ে ক্ষমা ও রহমত অর্জনের চেষ্টা করেন মুসল্লিরা।
ইসলামি শরিয়তে আলাদাভাবে কোনো ফজিলত না থাকলেও ইসলামের সূচনাকাল থেকেই রমজানের শেষ জুমাটি বিশেষ গুরুত্ব দিয়ে পালিত হয়ে আসছে। তবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও মর্যাদা অনেক বেশি। আর রমজানের কারণে জুমার দিনের মর্যাদা আরও বেড়ে যায়।
চলতি রমজান অর্থাৎ ১৪৪৩ হিজরির রমজান মাসে মুসলিম উম্মাহ এরই মধ্যে তিনটি জুমা অতিবাহিত করেছেন। আজ রমজানের বিদায়ী জুমা। তাই কোরআন নাজিলের মাসের মর্যাদা ও বরকতের সঙ্গে জুমার মর্যাদা ও ফজিলতে মুমিন রোজাদারদের আমল ও হৃদয়কে আরও আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের।