আজ ব্রাহ্মণবাড়িয়ায় ৯ হেফাজতকর্মী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে জড়িত থাকার অভিযোগে নতুন করে দলটির আরও নয় কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার দিনগত রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৫টি মামলায় ৪২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া নয়জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক।
গত ২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজতের সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটিসহ মোট ৫৪টি মামলা রুজু হয়েছে।
এসব মামলায় ৪১৪ এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।