আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর
আগামী ৩ দিনে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। সে সময় কেটে যেতে পারে তাপপ্রবাহ। ৩১ জুলাই সোমবার আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।
মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সুষ্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত।
মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোণা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।