আগামী ১২ সেপ্টেম্বর খোলা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান
চলমান করোনা মহামারীর প্রভাবে বহুদিন ধরেই বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েকবার সরকার মহল থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ততেও জনমনে ধোঁয়াশা থেকেই যায়। সরকারের এবারের সিদ্ধান্ত আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।
শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হতে পারে। তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনার সংক্রমণ ঝুঁকিতে শিক্ষার্থীদের কথা বিবেচনায় ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে কয়েক দফা চেষ্টা করেও এ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি।