আবারও যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রে টেক্সাসের স্কুলে হামলায় ১৮ শিশু প্রাণ হারানোর এক সপ্তাহ যেতে না যেতেই আবারো বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার লুইজিয়ানায় একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানস্থলে গুলিতে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।
নিউ অরলিন্সের জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে মরিস জেফ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা) জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বয়স্ক সেই নারী মারা যান।
ক্রিস্টোফার গুডলি বলেছেন, সম্ভবত দুই নারীর মধ্যে লড়াই হয়েছিল। এরপর তারা অস্ত্র বের করেন ও গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এক সন্দেহভাজন ও তার উদ্দেশ্য সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।