আবারও ইসরায়েলি জাহাজে অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি
ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতী জানিয়ে ইসরায়েলি জাহাজে আবারও অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানিয়েছেন ইতালির বন্দর শ্রমিকরা। গত ১৫ মে ইতালি থেকে অস্ত্র নিতে প্রথমবার ব্যর্থ হওয়ার পর গত মঙ্গলবার ইসরায়েল আবারও এখান থেকে জাহাজে করে সমরাস্ত্র নেয়ার চেষ্টা করে। কিন্তু এবারও বেঁকে বসেন ইতালির বন্দর শ্রমিকরা।
ইতালির উত্তরাঞ্চলীয় বন্দর রাভেন্নায় নোঙ্গর করা ইসরায়েলি জাহাজটি অস্ত্র নিয়ে ইসরায়েলের আসদোদ বন্দরে যাওয়ার কথা ছিল।
ইতালির ওই বন্দরের শ্রমিক ইউনিয়নের নেতা মারসেলো সানতারেলি বলেন, ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ওপর চলছে দখলদার বাহিনীর বর্বর ও পাশবিক আগ্রাসন।
শরণার্থীশিবির, মিডিয়া হাউস, সাধারণ বাড়িঘর কিছুই রেহাই পাচ্ছে না। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এ প্রতিবাদে সামিল হয়েছি আমরাও। ইসরায়েলের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।