বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৫৫% উত্তর-পূর্ব ভারতের নাগরিক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান

মোহাম্মদ খাইরুল আমিন 17 ফেব্রুয়ারি 2025, 05:33 বিকাল 305 বার পঠিত
৫৫% উত্তর-পূর্ব ভারতের নাগরিক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান

ভারতে সম্প্রতি পরিচালিত একটি জরিপে বেশিরভাগ উত্তরদাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। বিশেষভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের জনগণ এবং সিকিমের অধিকাংশ নাগরিক মনে করেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত। ইন্ডিয়া টুডে গণমাধ্যমের একটি সমীক্ষায় এই মতামত উঠে এসেছে।

জরিপটি ১৭ ফেব্রুয়ারি, শনিবার ‘ইন্ডিয়া টুডে মোড অফ দ্য নর্থ-ইস্ট’ শীর্ষক প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এতে প্রশ্ন করা হয়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, এ বিষয়ে আপনার মতামত কী?”

জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ৫৫ শতাংশ উত্তর ছিল, শেখ হাসিনাকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ফেরত পাঠানো উচিত। এর মধ্যে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নাগরিকদের মতামত ছিল গুরুত্বপূর্ণ, যেখানে প্রায় ৫৫ শতাংশ উত্তরদাতা এই মতের পক্ষে। গোটা ভারতের মধ্যে ২১.১ শতাংশ উত্তরদাতা একই মত পোষণ করেছেন। অপরদিকে, ১৬ শতাংশ মতামত দিয়েছে যে, তাকে অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে, এবং ২৯.১ শতাংশের মতে, তাকে ফেরত পাঠানো উচিত নয়।

গত বছরের ৫ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তিনি দিল্লিতে সুরক্ষিত একটি স্থানে অবস্থান করছেন, তবে ভারতের সরকার তার অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে, এবং তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর পাশাপাশি, শেখ হাসিনা ভারতে থাকাকালীন বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন, যা বাংলাদেশ সরকারের অসন্তোষ সৃষ্টি করেছে।

শেখ হাসিনার ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত সরকারকে এই প্রক্রিয়া বাস্তবায়নে সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।