২৯ জুলাই পবিত্র আশুরা
মহররম মাসের চাঁদ দেখা যায়নি, সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে আগামী ২৯ জুলাই শনিবার। মঙ্গলবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে। ফলে পবিত্র জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে বুধবার। বৃহস্পতিবার থেকে গণনা শুরু হবে পবিত্র মহররম মাস।
মঙ্গলবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত গৃহীত হয় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার হিজরি ১৪৪৫ সালের মহররম মাসের চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে। বৃহস্পতিবার থেকে গণনা শুরু হবে হিজরি ১৪৪৫ সালের মহররম মাস।
৬১ হিজরি সনের এই দিনে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। তাই মুসলিম উম্মাহর জন্য পবিত্র আশুরা এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন।