১৭শ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল
ভবিষ্যতে বন্দিবিনিময়ের কাজে ব্যবহার করার সম্ভাবনা বিবেচনায় প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদপত্র হারেৎসের এক প্রতিবেদনে দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সাম্প্রতিক আলোচনায় ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার এই সংখ্যা উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে দুই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি ভবিষ্যতে কোনো ইসরায়েলি নাগরিক আটক বা নিখোঁজ হলে তাদের বিনিময়ে ব্যবহারের জন্য ফিলিস্তিনিদের মরদেহ সংরক্ষণ করে রাখার পক্ষে মত দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীও এই অবস্থানকে সমর্থন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের অক্টোবরে একটি ফিলিস্তিনি অধিকার সংগঠন জানিয়েছিল, ইসরায়েল গাজা উপত্যকার প্রায় ১ হাজার ৫০০ বাসিন্দার মরদেহ সেদে তেইমান নামের একটি স্থাপনায় আটকে রেখেছে।
এদিকে, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।