বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

১ মার্চ হলে উঠবেই ইবি শিক্ষার্থীরা

অনলাইন নিউজ পোর্টাল 23 ফেব্রুয়ারি 2021, 07:07 বিকাল 233 বার পঠিত
১ মার্চ হলে উঠবেই ইবি শিক্ষার্থীরা

চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান ও ১ মার্চের মধ্যে হল না খুললে যে কোনো মূল্যে হলে উঠবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এ কর্মসূচি ঘোষণা করেছেন তারা। অতিদ্রুত স্থগিতকৃত পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক করে দেওয়ার জোর দাবি জানানো হয়েছে সম্মেলন থেকে।

এদিকে সংবাদ সম্মেলনের পরে স্থগিত পরীক্ষা চালু করার দাবিতে পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। একই দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে ভিসির সঙ্গে সাক্ষাত করে তিন সদস্যের প্রতিনিধি দল।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারছি না।

স্থগিত পরীক্ষা চালুর বিষয়ে তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিলে আমি এ ব্যাপারে ইউজিসির সঙ্গে কথা বলে চলমান পরীক্ষা চালু করে দিব। এ মুহূর্তে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারছি না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী জিকে সাদিক। এ সময় তিনি বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো করোনা সংক্রমণের দোহাই দিয়ে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে চাইছেন না। কিন্তু সারাদেশের সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৬৪ জেলায় স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে, সব ধরনের গণজমায়েত চলছে।

তিনি বলেন, করোনা সংক্রমণও সর্বনিম্নে চলে এসেছে এবং ইতোমধ্যে ভ্যাক্সিনও চলে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, আগামী ১৭ মে হল ও ২৪ মে ক্যাম্পাস খুলে দেওয়ার যে অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখান থেকে সরে এসে দ্রুত হল ও ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে।