যশোরে ইভ্যালি প্রধানের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের নামে যশোরে এবার চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে যশোর জুডিশিয়াল আমলি আদালত (চৌগাছা অঞ্চলে) এ মামলা করা হয়। মামলার বাদী জেলার চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালির এমডি পণ্য দেওয়ার কথা বলে টাকা নিয়ে পণ্য না দেওয়ায় পরবর্তীতে ২৫ জুলাই তরফদার মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের ১ লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করেন। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।
মামলার আইনজীবী এমএম জয়নাল আবেদিন জানান, আদালত ১৩৮/১৪০ ধারা অপরাধ আমলে নিয়ে মামলটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করে। আগামী ৩ নভেম্বর আসামি সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।