যশোরে ১০ লাখ মানুষ পানিবদ্ধতার শিকার
যশোরের দুঃখ ভবদহ। প্রায় ৪০ বছর ধরে লাখো মানুষ পানির সাথে বসবাস করছেন। আবারো নতুন করে দুইশত গ্রামের ১০ লাখ মানুষ পানিবদ্ধতার শিকার হতে চলেছেন। তাদের অনেকের ফসলের জমি ও বসতভিটাসহ সবই কেড়ে নিয়েছে ভবদহের পানি। এদিকে সরকার ওই এলাকার মানুষকে ভবদহ থেকে রক্ষার জন্য বারবার প্রকল্প হাতে নেয় কিন্তু পানিবদ্ধ মানুষের স্থায়ীভাবে কোন উপকার হয় না।
জানা যায়, যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ নিয়ে ভবদহ। এলাকার ৫২টি বিলের পানি চলাচলের পথ মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী। এখন পলি পড়ে নদীগুলো নাব্যতা হারিয়েছে। ফলে নদী দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। এই অবস্থায় বৃষ্টির পানিতে এলাকার বিলগুলো প্লাবিত হয়েছে। এ কারণে বিলসংলগ্ন গ্রামগুলোতে পানি ঢুকেছে। ইতিমধ্যে অভয়নগর ও মনিরামপুর উপজেলার দুইশত গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।