যোগ্যতা না থাকলে দায়িত্ব গ্রহণ নয়
আনাস (রা.) থেকে বর্ণিত, উহুদের দিন রাসুলুল্লাহ (সা.) একটিন তরবারি হাতে নিয়ে বললেন, আমার কাছ থেকে এই তরবারি কে নেবে?’ সাহাবিরা নিজ নিজ হাত বাড়িয়ে দিলেন। তাঁদের মধ্যে প্রত্যেকেই বলতে লাগলেন, আমি, আমি। তিনি বললেন, কে এর হক আদায়ের জন্য নেবে? (এ কথা শুনে) সবাই থমকে গেলেন। অতঃপর আবু দুজানা (রা.) বললেন, আমি এর হক আদায়ের জন্য নেব। তারপর তিনি তা নিয়ে নিলেন এবং তার দ্বারা মুশরিকদের শিরোচ্ছেদ করতে থাকলেন। (সহিহ মুসলিম, হাদিস : ২৪৭০)
শিক্ষা
মুহাদ্দিসগণ বলেন,
১. নেক কাজে প্রতিযোগিতা করা উচিত যেভাবে সাহাবায়ে কেরাম (রা.) করতেন।
২. নেক কাজে বিলম্ব করা উচিত নয়, বরং সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওপর ভরসা করে তা শুরু করা উচিত।
৩. যে কোনো জিনিস সেই ব্যক্তির হাতেই তুলে দেওয়া উচিত যে তার হকদার এবং তার হক আদায় করতে পারবে।
৪. হক আদায়ের সক্ষমতা না থাকলে কোনো জিনিস গ্রহণ করা উচিত নয়, বরং হক, দায়িত্ব ও আমানত আদায়ের ব্যাপারে মহান আল্লাহকে ভয় করা উচিত।
৫. হাদিসটি আবু দুজানা (রা.)-এর মর্যাদা, সাহসিকতা ও বীরত্বের প্রমাণ। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)