ভৈরবে ২ কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২
কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ ২ জনকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। গত মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকা থেকে এসব প্রসাধনী ও ট্রাকের চালকসহ ২জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার আলীপুর গ্রামের নাজির উদ্দিনের পুত্র চালক আমিনুর রহমান ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জিল্লুর রহমানের পুত্র হেলপার মো. শিপু।
এদিকে ,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাক থেকে ১৭ বস্তা ভারতীয় এ্যালোভেরা জেলি, ভেটনুভেট ক্রিম, স্কিন সাইন, স্কিন সান লাইট, বেবি লোশন আইস, ও জনসন নাইস ক্রিম উদ্ধার করা হয়। আটক প্রসাধনীর আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানান হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরা চালানের মাধ্যমে রাজধানী ঢাকায় পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদী জেলার মাহমুদাবাদ এলাকা থেকে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি সিলেট জেলা সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুর থেকে কসমেটিকগুলো রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তারা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, ১৭টি বস্তা থেকে প্রায় ২ কোটি টাকার ভারতীয় প্রসাধনী আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।