বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ভারতের কাছে মির্জা ফখরুলের আশা

মোহাম্মদ খাইরুল আমিন 19 আগস্ট 2023, 04:35 দুপুর 595 বার পঠিত
ভারতের কাছে মির্জা ফখরুলের আশা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশা, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত সমর্থন দেবে। 

সংবাদ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ভারত, এমন খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে শনিবার এমন প্রতিক্রিয়া জানান ফখরুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল আজ বলেন, ''আমরা নিশ্চয় এটা আশা করব, ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মর্যাদা দেবে। এই দেশে সত্যিকার অর্থেই সকল দলের অংশগ্রহণে, সকলের সদিচ্ছায় একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা (ভারত) পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।''

ভারতের সংবাদমাধ্যমের খবর, বাংলাদেশের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে, তার সঙ্গে নয়া দিল্লি একমত নয়। কূটনৈতিক পত্রের উদ্ধৃতি দিয়ে নয়া দিল্লির পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূরাজনৈতিক দিক থেকে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারও পক্ষেই সুখকর হবে না।

সাংবাদিকরা এই সংবাদের ওপর প্রতিক্রিয়া জানতে চাইলে ফখরুল বলেন, ''আমরা পত্রিকায় দেখলাম, আজকে ডয়েচে ভেলের বরাত দিয়ে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে… এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। এজন্য যে, আজকে বাংলাদেশে যে সংকট, সেই সংকটের মূলে হচ্ছে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাই।''

স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সহযোগী সংগঠনটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।