ভারতীয় পেঁয়াজে আগ্রহ নেই ক্রেতাদের
আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ায় এবং দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের দামের তুলনায় দেশি পেঁয়াজের দাম কম থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আনছেন না আমদানিকারকরা।
২ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলেও ১৩ জানুয়ারি থেকে ভারতীয় পেঁয়াজ আনছেন না আমদানিকারকরা। গত ১৩ ও ১৪ জানুয়ারি বন্দর দিয়ে কোনও পেঁয়াজ আমদানি হয়নি।
বাজারের পেঁয়াজ ক্রেতা সেহেল রানাসহ কয়েকজন বলেন, বর্তমানে বাজারে ভারতীয় পেঁয়াজের ও দেশীয় পিঁয়াজের দাম প্রায় একই। ভারতীয় পিঁয়াজের চাইতে দেশীয় পিঁয়াজের স্বাদ ও মান ভালো হওয়ায় দেশী পেঁয়াজ কেনাই ভাল।
দিনাজপুর শহরের বাহাদুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, সবসময়ই বাজারে দেশীয় পেঁয়াজের চাহিদা বেশি। এরপরও ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কম থাকায় সাধারণত বাধ্য হয়েই ভারতীয় পেঁয়াজ কেনেন ক্রেতারা। কিন্তু বর্তমানে ভারতীয় পেঁয়াজের চেয়ে দেশীয় পেঁয়াজের দাম কম থাকায় ভারতীয় পেঁয়াজ কিনছেন না ক্রেতারা। এ জন্য হিলি থেকে তারাও আর পেঁয়াজ আনছেন না।