ভাড়াটিয়াই যখন ঘরের মালিক!
প্রথমে ভাড়াটিয়া হিসেবে ঘরে প্রবেশ, এরপর নিজেই বনে গেছেন ঘরের মালিক। ভাড়া চাইলে মালিককে দিচ্ছেন প্রাণনাশের হুমকি। এমনই অভিযোগ উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জাহানাবাদ এলাকার মো. আলতাফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যক্তির নাম মো. মফিজুর রহমান। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জগন্নাথপুর এলাকার আবদুল কাদেরের ছেলে।
ভুক্তভোগী বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে জাহানাবাদ এলাকায় ঘর তৈরি করে বসবাস করে আসছি। নিজের থাকার ঘর ছাড়াও কিছু ভাড়াঘর তৈরি করেছি। ২০১৯ সালের ১ জানুয়ারি পরিবার নিয়ে আমার ভাড়াঘরে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেন আলতাফ। প্রবেশের পর কিছুদিন চুক্তি অনুযায়ী ভাড়ার টাকা পরিশোধ করলেও একপর্যায়ে শুরু করেন তালবাহানা। মাসিক ভাড়ার টাকা চাইলে দিতেন নানা অজুহাত।
এভাবে চলতে থাকলে একপর্যায়ে আলতাফকে ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে নোটিশ প্রদান করি। আর এতেই বাঁধে বিপত্তি। নোটিশ পেয়ে ক্ষিপ্ত আলতাফ নিজেকে ঘরের মালিক দাবি করতে থাকেন।
তিনি বলেন, এ এলাকার স্থানীয় বাসিন্দা না হওয়ায় ঘটনাটির পর থেকে আমাদের প্রাণনাশের হুমকি ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন আলতাফ। চাঁদা না দিলে ২০২০ সালের ১৫ ডিসেম্বর আলতাফ ও তার সহযোগীরা মিলে আমার স্ত্রী-সন্তানের ওপর হামলা চালান এবং আমার নির্মাণাধীন একটি সীমানা দেয়ালের কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় আলতাফসহ সাতজনের বিরুদ্ধে মামলা করি। যা আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে জানতে আলতাফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. ইলিয়াছ বলেন, মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। আইন অনুযায়ী আদালত পরবর্তী ব্যবস্থা নেবে।