উত্তরার বিস্ফোরণে একে একে সাতজনের মৃত্যু
ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানো বিস্ফোরণে দগ্ধ আর মাত্র একজন মারা গেছেন। মোট অগ্নিদগ্ধ হয়েছিলেন ৮ জন। গতকাল মঙ্গলবার রাত আটটায় আরও একজন মারা গেছেন। বেঁচে থাকা একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সাত হলো। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার রাতে মারা গেছেন শফিকুল ইসলাম (৩২)। তার দেহের ৮০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া শফিকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
জানা যায়, বেঁচে থাকা শেষ ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।
গত শনিবার দুপুরে কামারপাড়া এলাকায় পারফিউমের বোতল খোলার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে আটজন গুরুতর আহত হন।
ওই দুর্ঘটনায় শফিকুলের আগে মারা গেছেন আল আমিন (৩০), মাসুম আলী (৩৫), মিজানুর (৩৫), মাজহারুল ইসলাম (৪৭), নূর হোসেন (৬০) ও আলমগীর হোসেন (২৩)।