সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রায়েরবাগে ‘দুই বাসের প্রতিযোগিতা’, মোটরসাইকেল চালক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 02 নভেম্বর 2026, 01:22 দুপুর • 7 বার পঠিত
রায়েরবাগে ‘দুই বাসের প্রতিযোগিতা’, মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে যাত্রীবাহী দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

যাত্রাবাড়ীর রায়েরবাগে ফুটওভার ব্রিজের নিচে সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আমিরুল ইসলাম (৩৯) নামে ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল জেলার সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় থাকেন। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী অটোরিকশা চালক ইমরান ফকির বলেন, “আমি অটোরিকশা গ্যারেজ করে দুপুরে নামাজ শেষের পর ভাগ্নের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর উপর দিয়ে যাওয়ার সময় দেখলাম দুটি বাস একে অপরের সঙ্গে বিপজ্জনকভাবে প্রতিযোগিতা করছে। এর মধ্যে একটি বাস আগে বের হয়ে চলে যায়।

“তখনই পেছনে থাকা বাসটি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর অনেকেই তাকে ঘিরে দাঁড়িয়ে ছিল কিন্তু কেউ ধরার সাহস পাচ্ছিল না। পরে আমি স্থানীয় কিছু মানুষের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।”

কোন দুটি কোম্পানির বাস প্রতিযোগিতা করছিল বা কোন বাস আমিরুল ইসলামকে ধাক্কা দিয়েছে তার নাম বলতে পারেননি ইমরান ফকির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, “লাশ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”