বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

উত্তরাঞ্চলে আরো বড় বন্যার হুমকি

মোহাম্মদ খাইরুল আমিন 21 জুন 2022, 11:26 দুপুর 219 বার পঠিত
উত্তরাঞ্চলে আরো বড় বন্যার হুমকি

সিলেট-সুনামগঞ্জের কিছু এলাকায় পানি কমেছে। তা হয়েছে নদীগুলোর পানি কিছুটা কমায়। কিন্তু বৃষ্টি অব্যাহত আছে। তাই এসব এলাকার বন্যা পরিস্থিতির আসলে তেমন উন্নতি হয়নি। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তরাঞ্চলে এবার বড় আকারের বন্যার শঙ্কা করা হচ্ছে।

দেশের উত্তরের নীলফামারী, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে, সামনের তিনদিনে পানি আরো বাড়বে। কিন্তু তারা মনে করছে, এই এলাকায় বন্যার স্থায়িত্ব হবে সপ্তাহখানেক। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামীকাল দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, ত্রিপুরা ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা ও দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানি বাড়বে। 

বৃষ্টির ধরন এখন বদলে গেছে। দেখা যাচ্ছে শেষ ৭ দিনে যা বৃষ্টিপাত হওয়ার কথা ছিল তা একদিনে হয়ে যাচ্ছে। এই অবস্থায় পূর্বানুমান ঠিকমতো খাটছে না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের যে অবস্থা তাতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা হবে।