উপকূলে স্থল নিম্নচাপ, ঝোড়ো হাওয়ার আশঙ্কা
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। এটি বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, স্থল নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।