শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

মোহাম্মদ খাইরুল আমিন • 30 অক্টোবর 2026, 11:16 দুপুর • 6 বার পঠিত
ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিতের বাসার সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের ঠিক আগে ধানমন্ডির কলাবাগান এলাকায় ওই বাসার সামনে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, এ ঘটনার পর সেখান থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। যে তিনটি ককটেল অবিস্ফোরিত ছিল, সেগুলো উদ্ধারের পর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।

“পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন তিনি।

ঘটনার বিষয়ে বিচারকের এক স্বজন বলেছেন, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। তবে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বলেছেন, খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে যায়। সেখানে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।