ট্রাইব্যুনালের আসামিকে আশ্রয় দিলে রক্ষাকারীরও বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
মানবতাবিরোধী অপরাধের আসামিদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও দণ্ডবিধিতে আলাদা অপরাধে বিচারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, “কোনো অপরাধীকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান আশ্রয় এবং প্রশ্রয় দেয়, এটি সেই আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা ব্যক্তির বা সংগঠনের একটি ব্যক্তিগত দায় এবং এটার জন্য দণ্ডবিধিতে, বাংলাদেশ পেনাল কোডের একটা সুস্পষ্ট অপরাধ।
“সেটার জন্য আলাদা অপরাধ হতে পারে এবং সেই জন্য আলাদা বিচারের সম্মুখীন করা যেতে পারে—যারা এই আসামি বা অপরাধীদের আশ্রয় এবং প্রশ্রয় দেবে।”
২০২৪ সালের ৫ অগাস্টের পর শেখ হাসিনাসহ অনেক রাজনৈতিক নেতা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, তা তদন্তের আওতায় আসবে কি না—এমন প্রশ্নে প্রধান কৌঁসুলি বলেন, “আমরা অপরাধের বিচার করতে পারব।
“কিন্তু অপরাধীরা কী প্রক্রিয়ায় পালিয়ে গেছেন, এইটা আমাদের আইনে কতটুকু ম্যান্ডেট আছে আমি জানি না, এটা পরীক্ষা করে দেখতে হবে।”
জেলায় জেলায় গণশুনানি
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
এ বিষয়ে প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে মঙ্গলবার স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিদেরও চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে আয়োজিত গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
শুনানির আগে সংশ্লিষ্ট জেলার উপজেলা পর্যায়ে মাইকিং, গণমাধ্যমে প্রচার এবং ভুক্তভোগী পরিবারগুলোকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার এ কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একটি করে জেলায় গণশুনানি হবে। সেখানে মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহের পাশাপাশি বিচারাধীন মামলার নথিপত্র পর্যালোচনা করা হবে।
কোনো ঘটনা নিয়ে মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করা হবে। ঘটনাটি ট্রাইব্যুনালে বিচারযোগ্য হলে তদন্ত সংস্থার মাধ্যমে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।
গণশুনানিতে অপরাধী শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধান কৌঁসুলি আমিনুল।
তিনি বলেন, “প্রয়োজনবোধে ওখানে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া গেলে আমরা গ্রেপ্তার করব।”
গণশুনানি শুরুর সময়সূচি নিয়ে তিনি বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে।
গণশুনানির আইনগত বৈধতা প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্ত করার ক্ষমতা রয়েছে। এ কার্যক্রম সম্পূর্ণ আইনসংগত এবং আইনি ম্যান্ডেটের আওতায় পরিচালিত হবে।