বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় সাধারণ ছুটি

মোহাম্মদ খাইরুল আমিন • 25 নভেম্বর 2026, 11:57 দুপুর • 7 বার পঠিত
শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় সাধারণ ছুটি

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে পোশাক শ্রমিকদের টানা কর্মবিরতি ও বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৬০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে শ্রমিকদের আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কারখানাগুলো এই সিদ্ধান্ত নেয়।

শিল্প পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা যথাসময়ে কারখানায় প্রবেশ করে। কিন্তু তারা কাজ শুরু না করে ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণ এবং বকেয়া ভাতাসহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন।

একপর্যায়ে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, হেমায়েতপুর এবং বাইপাইল এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে ও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে। অন্যথায় তারা কাজে ফিরবেন না। শ্রমিকদের এই অবস্থানের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে।

পরবর্তীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও কারখানার জানমাল রক্ষায় মালিকপক্ষ পর্যায়ক্রমে অন্তত ৬০টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটি ঘোষণার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা এলাকা ত্যাগ করেন। এর আগে সকালে হেমায়েতপুর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানাগুলোর সামনে অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “সকাল থেকেই শ্রমিকরা মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মালিকপক্ষ তাদের কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

“কোথাও কোনো বড় ধরনের ভাঙচুর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।”

সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হচ্ছে- অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, রাতুল নিটওয়্যার লিমিটেড, তাহারাত নিট কম্পোজিট লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস (প্রাইভেট) লিমিটেড, সাউদান গার্মেন্টস লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট লিমিটেড, সাং হামি বিডি সুচ লিমিটেড, আফিয়া নিটওয়্যার লিমিটেড, হেসাং কোরিয়া লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, জি সিক্স প্যাকেজিং লিমিটেড, লেদারেক্স ফুটওয়্যার লিমিটেড, এভারব্রাইট সোয়েটার লিমিটেড, জে এল সোয়েটার্স লিমিটেড, আগামী এ্যাপারেলস লিমিটেড, কমফিট কম্পোজিট লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শ্রাবণী নিটওয়্যার লিমিটেড, মার্স ক্লাসিক ওয়্যার লিমিটেড, ড্রেসি ক্লোথিং লিমিটেড, উর্বান গ্লোবাল লিমিটেড, কাঠগড়া কম্পোজিট লিমিটেড, সাভার সোয়েটার, গ্রীন লাইফ নীটেক্স লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড, জেড ত্রি কম্পোজিট নীটওয়্যার লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, জেড এ সোয়েটার লিমিটেড, জেড এ এ্যাপারেলস লিমিটেড, মোরাল ফ্যাশন লিমিটেড, এন আর ক্রিয়েশন লিমিটেড, ঈগল টেক্সটাইল, সুহানা ফ্যাশন লিমিটেড, নীট প্লাস লিমিটেড, উড়ী অ্যাপারেলস লিমিটেড, বি এল জে বিডি কোম্পানি লিমিটেড, ম্যাংগো টেক্স, কর্মোপ বাংলাদেশ লিমিটেড, গ্রিন কেনিয়ন, রাতুল ফেব্রিক্স, বি এজ যে অ্যাপারেলস, দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, শামস স্টাইলিংওয়্যার লিমিটেড, দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড ইউনিট-২৪৯, বি এন এম গার্মেন্টস ইন্ডাস্ট্রিস লিমিটেড, এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড, অবনী নীটওয়্যার লিমিটেড, অবনী ফ্যাশন লিমিটেড, ব্যাবিলন ক্যাজুয়াল লিমিটেড, ব্যাবিলন ড্রেসেস লিমিটেড, টিন এইজ মডার্ন ফ্যাশন লিমিটেড, এম আর এস ডিজাইন লিমিটেড, প্রুডেন্ট ফ্যাশন লিমিটেড, ডংলিয়ন ফ্যাশন লিমিটেড, কাজিপুর ফ্যাশন লিমিটেড, অনন্ত গার্মেন্টস ও অনন্ত স্পোর্টস ওয়্যার লিমিটেড।