শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিপু হত্যায় ৫ আসামী ৫ দিনের রিমান্ডে

মোহাম্মদ খাইরুল আমিন 03 এপ্রিল 2022, 06:11 বিকাল 810 বার পঠিত
টিপু হত্যায় ৫ আসামী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃতরা হলেন মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ ও মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল।

আজ রোববার পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর হত্যা মামলায় তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের পাঁচ দিনের  রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে সোমবার  শুটার মো. মাসুম ওরফে আকাশকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাতে ঢাকার শাহজাহানপুরের আমতলী এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। জ্যামে মাইক্রোবাসে বসে ছিলেন তিনি। এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীর গুলিতে পাশে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিও মারা যান। গুলিতে আহত হন টিপুর গাড়ি চালক মুন্না। 

ওই ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই হত্যাকাণ্ডের পর ২৭ মার্চ বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, আকাশ মূল খুনি। খুন করে জয়পুরহাট সীমান্ত থেকে তিনি দেশের বাইরে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে বগুড়ায় ফিরে গিয়ে গ্রেপ্তার হন। 

আদালতে হাজির করে আকাশের রিমান্ড চাওয়া হয়েছিল। তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তবে পুলিশ জানিয়েছিল, আকাশ মূলত ভাড়াটে খুনি। চুক্তির বিনিময়ে খুন করেছেন তিনি। এই হত্যাকাণ্ডের আরো বিস্তারিত উদ্ধার করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর থেকে অস্ত্রসহ দামালকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার ধরা পড়েন আরো চারজন।