রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঠাকুরগাঁওয়ের ভোটও ‘প্রশংসিত হবে’, বললেন সিইসি

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2026, 11:26 দুপুর • 3 বার পঠিত
ঠাকুরগাঁওয়ের ভোটও ‘প্রশংসিত হবে’, বললেন সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ‘প্রশংসিত হবে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, “আমরা গ্যারান্টি দিতে পারি—ইনশাল্লাহ এ উপ-নির্বাচন ঠিক আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচন যেভাবে করেছি, দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে; এটাও প্রশংসা করবেন।

“ভোটের জন্য যা যা দরকার, সব ধরনের ব্যবস্থা নেব।”

নির্বাচন ভবনে স্থাপিত ‘আইনশৃঙ্খলা মনিটরিং সেল’ পরিদর্শন শেষে রোববার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি নাসির বলেন, “ভোটের সময় রিয়েল টাইম মনিটরিং—কেন্দ্রীয়ভাবে এখান থেকে করা হবে, সো দ্যাট উই ক্যান ইনটারভেন ইন দ্য রাইট ম্যানার, রাইট টাইম; ইনশাহআল্লাহ আমরা করব।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনকে শূন্য ঘোষণা করে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ উপ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল রোববার। এদিন বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন। আগের দিন মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

যাচাই-বাছাই শেষে প্রার্থী চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আর ভোট হবে ২৯ অক্টোবর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নাসির উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রাখা হবে এবং মনিটরিং সেল কাজ করছে।”

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও সচিব আখতার আহমেদ।