তেঁতুলতলায় রাতেই দেয়াল তুলেছে পুলিশ
একদিকে চলছে আন্দোলন। কিন্তু সেদিকে দেখার সময় নেই পুলিশের। তারা তাদের কাজ করে যাচ্ছে। বুধবার রাতে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে দেয়াল তৈরির কাজ শেষ করেছে তারা।
এলাকাবাসীর কাছ থেকে আজ বৃহস্পতিবার জানা যায় যে গতকাল যখন প্রতিবাদ-সমাবেশ চলছিল তখন ওই এলাকায় পুলিশের দেয়াল তোলার কাজ বন্ধ ছিল।
এরপর মাঠরক্ষার দাবিতে আন্দোলনে থাকা এলাকাবাসী, নাগরিক সমাজ থেকে শুরু করে অন্যরা যখন চলে গেল তখন আবার পুলিশের দেয়াল তৈরির কাজ শুরু হয়। রাতেও কাজ চালিয়ে গেছে।
তেঁতুলতলা মাঠের উত্তর পাশের পুরো এলাকাজুড়ে এখন তাই দেয়াল। একপাশে কিছুটা জায়গা খালি। সেখান দিয়ে মাঠে ঢোকার পথ।
মাঠটি রক্ষার দাবিতে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কলাবাগানে একটা থানা করতে জায়গা দরকার। মেয়র বা কেউ এর চেয়ে ভালো কোনো জায়গা দিতে পারলে সেটা বিবেচনা করে দেখবেন তারা।
স্কয়ার হাসপাতালের উল্টো দিকের গলিতে আলোচিত তেঁতুলতলা মাঠ। খালি এই জায়গাটি জেলা প্রশাসনের কাছ থেকে বরাদ্দ নিয়ে কলাবাগান থানার ভবন নির্মাণ করছে পুলিশ।
তবে এই মাঠটি রক্ষার দাবিতে বেশ অনেকদিন ধরে আন্দোলন চলছিল। গত রোববার মাঠটি রক্ষার দাবিতে আন্দোলন করা সৈয়দা রত্না ও তাঁর কিশোর ছেলেকে কলাবাগান থানার পুলিশ ধরে নিয়ে যায়। ১৩ ঘণ্টা তাদের থানায় রাখার পর প্রতিবাদের মুখে মুচলেকা নিয়ে মধ্যরাতে ছেড়ে দেয়।