তেজগাঁওয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৭
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার বিকেল ৪টার দিকে ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দগ্ধ সাতজন হলেন- ওয়ার্কশপের জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০), প্রাইভেটকার চালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২) ও রুবেল হাওলাদার (২৭)।
ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপটির সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে কাজ করছিলেন কর্মচারীরা। আশেপাশে আরো কিছু গাড়ির কাজও চলছিল। তখন ওই প্রাইভেটকারের ইঞ্জিন ওভার হিট হয়ে গাড়ির ভেতরে থাকা পেপার ও পলিথিনে আগুন লেগে যায়। মুহূর্তে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, এতে গাড়িটির আশেপাশে থাকা কর্মচারী ও অন্যান্য চালকরা দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আগুন নিভে যায়।