বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

তীব্র আন্দোলনের আশঙ্কায় ইশরাককে গ্রেপ্তার: রিজভী

মোহাম্মদ খাইরুল আমিন 06 এপ্রিল 2022, 03:15 দুপুর 247 বার পঠিত
তীব্র আন্দোলনের আশঙ্কায় ইশরাককে গ্রেপ্তার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তীব্র আন্দোলনের আশঙ্কায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ইশরাকের গ্রেপ্তারের ঘটনাকে তিনি ‘সম্পূর্ণরূপে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেন। তার দাবি, জনদৃষ্টি ভিন্নখাতে নিতে ইশরাককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। 

এদিন সকালে মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাককে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে তোলায় হয়। সেখানে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন আদালত। ২০২০ সালের একটি গাড়ী পোড়ানো মামলা আছে ইশরাকের নামে।  

ইশরাক গ্রেপ্তার হওয়ার পর রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ মতিঝিল এলাকায় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করার সময় বিনা উস্কানিতে গত নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারুণ্যদীপ্ত বিএনপি’র এই বলিষ্ঠ নেতাকে গ্রেপ্তার সম্পূর্ণরূপে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের আশঙ্কায় ইশরাক হোসেনের মতো বিএনপি’র তরুণ নেতাকে আটক করা শুরু হয়েছে। সরকার সকল ব্যর্থতা ঢাকতে হাবুডুবু খাচ্ছে, সেজন্য জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হলো। আমি ইশরাক হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।