বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

টানা ৫ দিন মৃত্যুহীন

মোহাম্মদ খাইরুল আমিন 25 এপ্রিল 2022, 04:26 দুপুর 249 বার পঠিত
টানা ৫ দিন মৃত্যুহীন

টানা ৫ দিন গেল দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এই সময়ে শনাক্তের সংখ্যাও কমের দিকে। গত ২৪ ঘণ্টায় যেমন দেশে কেউ করোনায় মারা যাননি। আর এই সময়ে নতুন ২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে সাপ্তাহিক হিসেব বলছে, গেল এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্য কমেছে বটে কিন্তু মৃত্যু সামান্য বেড়েছে।

আজ নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত ১৮ থেকে ২৪ এপ্রিল দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২৩০ জন রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ২৬১ জন। অর্থাৎ শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১১ দশমিক ৯ শতাংশ।

গত সপ্তাহে দেশে ৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন। তার আগের সপ্তাহে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে মৃত্যু বেড়েছে ২০০ শতাংশ।

এই সপ্তাহে মৃত্যুর হিসেব দেখতে গেলে দেখা যাচ্ছে গত ১৮ এপ্রিল ২ জন এবং ২০ এপ্রিল একজন মারা গেছেন। কিন্তু এর পর গত পাঁচ দিনে দেশে কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয় হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরো ২৭ জনের কোভিড শনাক্ত হয়েছে।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৬৭ শতাংশ ছিল।

নতুন ২৭ জনকে নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু  হয়নি। তাই মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন আছে।

সরকারি হিসাবে গত একদিনে সেরে উঠেছেন আরও ২৯৯ জন। এ নিয়ে ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন সুস্থ হয়ে উঠলেন।