বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

টানা ১১ দিন মৃত্যুহীন, শনাক্ত ২৫

মোহাম্মদ খাইরুল আমিন 01 মে 2022, 04:40 দুপুর 726 বার পঠিত
টানা ১১ দিন মৃত্যুহীন, শনাক্ত ২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ দিনে বাংলাদেশে কারো মৃত্যু হয়নি। তার মানে, গেল ২৪ ঘণ্টাতেই এই ভাইরাসে কেউ মারা যাননি। শেষ একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন।  

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ জনকে নতুন কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল। 

গত ২৪ ঘণ্টায় যে ২৫ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে ২১ জনই ঢাকা বিভাগের। এর ২০ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া কক্সবাজারে ২ জন এবং টাঙ্গাইল, বগুড়া ও সিলেট জেলায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।   

নতুন যারা শনাক্ত হয়েছেন তাদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন।

গত ২০ এপ্রিল দেশে শেষ কেউ করোনায় মারা গেছেন। গত ১১ দিন নতুন করে কারো মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ২৯৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।