বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টান মেরে ব্যাগ ছিনতাই, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 29 আগস্ট 2026, 12:52 দুপুর 34 বার পঠিত
টান মেরে ব্যাগ ছিনতাই, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রনজিনা গত রাতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে রনজিনা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

তিনি আরও বলেন, রনজিনাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।