রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে অভিযান: এবার চট্টগ্রাম ছাড়তে হল খুলশীর ওসিকে

মোহাম্মদ খাইরুল আমিন • 11 অক্টোবর 2026, 09:16 সকাল • 3 বার পঠিত
স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে অভিযান: এবার চট্টগ্রাম ছাড়তে হল খুলশীর ওসিকে

চট্টগ্রামে পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে অভিযান পরিচালনা করা সেই ওসিকে এবার চট্টগ্রাম ছাড়তে হল।

পরিদর্শক আব্দুর রহিমকে চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী আমি সিএমপি থেকে ছাড়পত্র নিয়েছি। কয়েক দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেব।”

গত ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে জারি করা আদেশে ১০ অক্টোবরের মধ্যে আব্দুর রহিমকে সিএমপি থেকে ছাড়পত্র নেওয়ার নির্দেশ দিয়ে বলা হয় “অন্যথায় ১১ অক্টোবর থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে।”

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে অবস্থান করছে শুনে ৬ অক্টোবর রাতে ওই ভবন ঘিরে রাখে পুলিশ। সে সময় কার্যালয়ে ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন।

পরদিন সকালে মেয়র খুলশী থানার ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ প্রীতির’ অভিযোগ তোলেন এবং ওয়াকিল হোসেন বগার পক্ষ নিয়ে কথা বলেন।

মেয়র বলেন, “ওয়াকিল কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী নয়। সে গত ১৭-১৮ বছর ধরে আন্দোলন সংগ্রামে ছিল। জুলাই-অগাস্টের একজন যোদ্ধাও সে। গত ১৬ বছরে তাকে প্রায় ৭০-৮০টা মামলা দিয়েছে আওয়ামী লীগ।”

ওই দিন বিকালেই ওসি আব্দুর রহিমকে খুলশী থানা থেকে নগর বিশেষ শাখায় (সিটি এসবি) বদলির আদেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

মেয়রের অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “মঙ্গল ও বুধবার দুই দিন ছুটিতে আছি। মঙ্গলবার রাতে অভিযান সম্পর্কে আমি অফিসিয়াল কিছু জানি না।”

পাহাড়তলী কলেজের এক শিক্ষককে ডেকে নিয়ে মারধরের অভিযোগে এক মামলায় গত ৩ সেপ্টেম্বর রাতে খুলশী থানা পুলিশ ওয়াকিল উদ্দিন বগাকে ধরতে ওয়্যারলেস কলোনি এলাকায় অভিযানে যায়।

সে সময় পুলিশের ওপর হামলা চালায় বগার অনুসারীরা। ছয় পুলিশ সদস্য ওই ঘটনায় আহত হন।

গত ২৯ সেপ্টেম্বর খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় ১৬ বছর বয়েসী কিশোর সবজি বিক্রেতা খুনের মামলাতেও আসামি করা হয়েছিল বগাকে।

ওই এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আছে বগার বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে ওয়াকিল হোসেন বগার বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।