শুরুতে ক্লাস হবে সপ্তাহে এক থেকে দুই দিন
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে আসছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এরই মধ্যে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সার্বিক প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শুরুতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হবে। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুই দিন। অন্যান্য শ্রেণিতে সপ্তাহে এক দিন ক্লাস নেওয়া হবে। যদি পরিস্থিতি ভালো হয়, তাহলে স্কুল খোলার দুই-তিন সপ্তাহ পর থেকে সব শ্রেণিতে স্বাভাবিক ক্লাস নেওয়া হতে পারে। প্রাথমিকেও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বেশিদিন স্কুলে আনা হবে। অন্যান্য শ্রেণিতে এক-দুই দিন ক্লাস হতে পারে। আর প্রাক-প্রাথমিকের ক্লাসও অবস্থা বিবেচনা করে শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হবে।