সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার হচ্ছে
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হচ্ছে। কিছু কড়াকড়ি আরোপ করা হবে রোববার থেকে। এদিন থেকে কোর্টে ঢোকার মূল ফটক সকাল সাড়ে দশটার পর থেকে বন্ধ থাকবে। বৃহস্পতিবার ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে এই ব্যবস্থা।
আজ শনিবার সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়েছে।
মূল ফটক সকালে নির্দিষ্ট সময়ের পর বন্ধ থাকলেও মাজার গেট সবসময় খোলা থাকবে।
বৃহস্পতিবার ছাত্রদল দোয়েল চত্বর দিয়ে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগ বাধা দেয়। তাদের ধাওয়া খেয়ে ছাত্রদলের অনেক নেতা-কর্মী সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ঢুকে পড়ে। সেখানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তিনজন আইনজীবীও হামলার শিকার হন। এক আইনজীবীর ঘাড়ি ভাংচুর হয়।
সেদিনকার ঘটনার পর সুপ্রিম কোর্টের প্রশাসনের বৈঠক হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জ্যেষ্ঠ বিচারপতিদের নিয়ে বৈঠক করেন।
আজ সুপ্রিম কোর্টের প্রশাসনের কর্মকর্তা ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা আদালতে প্রাঙ্গনের বিভিন্ন দিকে ঘুরে দেখেন। সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করতে কোন ফটক কখন খোলা বা বন্ধ থাকবে সে বিষয়ে তারা সিদ্ধান্তে পৌঁছান।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টের মসজিদ গেট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত থোলা থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন ফটক দিয়ে শুধু গাড়ি বের হতে পারবে। বাংলা একাডেমির উল্টো পাশের ফটকটি সার্বক্ষণিক সময় বন্ধ থাকবে। যেখানে সেখানে গাড়ি পার্ক করা যাবে না। তা করলে ব্যবস্থা নেওয়া হবে। আদালত প্রাঙ্গনের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।