স্ত্রীর পাশে সমাহিত গাফফার চৌধুরী
মহান একুশের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর পাশে সমাহিত করা হয়।
গত ১৯ মে ৮৮ বছর বয়সে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফফার চৌধুরী। আজ সকাল ১১টার দিকে তার কফিন নিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘হংস বলাকা’ হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমান থেকে নামানোর পর গাফফার চৌধুরীর কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রীরা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গাফফার চৌধুরীর মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এর পর দুপুরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। সর্বসাধারণ শ্রদ্ধা জানান। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে গাফফার চৌধুরীর মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেওয়া হয় শহীদ
বুদ্ধিজীবী কবরস্থানে।
গাফফার চৌধুরী মারা যাওয়ার পর ২০ মে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।