স্ত্রীকে হত্যার দুদিন পর স্বামীর আত্মহত্যা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আফাজ উদ্দিন নামের এক লোক স্ত্রীকে হত্যার দুদিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সেও । আজ সোমবার সকালে দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের একটি বাঁশঝাড়ের ঝোপের ভেতর কাঁঠালগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফাজ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
তবে এর আগে রোববার দিবাগত রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গত শুক্রবার উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে আফাজ উদ্দিনের স্ত্রী ভানু বেগমের (৫৫) লাশ উদ্ধার করে থানা পুলিশ। ওই ঘটনায় ভানু বেগমের মেয়ের জামাতা আল-আমিন বাদী হয়ে স্বামী আফাজ উদ্দিনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এর পর থেকে পুলিশ আফাজ উদ্দিনকে খুঁজছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দীপু সরকার জানান, প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ আফাজ উদ্দিনের নিজ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।