সরকারকে হুঁশিয়ার করলেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন। সেই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তিও দাবি করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায় নিতে হবে।
মির্জা ফখরুল সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘‘এখনো সময় আছে। এখনো বাঁচতে পারবেন। এখনো কিছুটা রক্ষা পেতে পারেন। এরপরে আর পালাবার সময় পাবেন না।’’
আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির একটি সমাবেশ হয়। সেখানে তিনি এই হুঁশিয়ারি দেন।
খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশ হয়। সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা বিএনপি।
মির্জা ফখরুল আরো বলেন, দেশের সব রাজনৈতিক দল এক হচ্ছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণ-আন্দোলন শুরু হলে তারা সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবেন।
খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সেখানে তার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করা হয়েছে। সফল অস্ত্রোপচারে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছে।
শুক্রবার রাতে গুলশানের বাসায় খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়লে এনজিওগ্রাম করা হয়।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বলেছে যে তার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডভোগের জন্য খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। এরপর ২০২০ সালে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। সেই বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। তখন থেকে গুলশানের বাসায় থাকছিলেন খালেদা জিয়া।
৭৬ বছর বয়সী এই নেত্রী নানা ধরনের শারীরিক জটিলতায় ভূগছেন অনেক দিন ধরে।