শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন 12 মে 2022, 07:19 বিকাল 345 বার পঠিত
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ

প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের ওপর আনুষ্ঠানিকভাবে একরকম নিষেধাজ্ঞা জারি করলো সরকার। এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এই পরিপত্র জারি করেছে। 

জারি করা পরিপত্রে বলা হয়েছে, ‘কোভিড পরবতী অর্থনৈতিক পুনুরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সঙ্কটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।’

এ আদেশ এখন থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এখন থেকে বিদেশ সফর আর নয়। যদি বিশেষ কারণে কর্মকর্তাদের বিদেশ সফরে যতে হয়, তাহলেই যাবেন। অন্যথায় নয়। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কমানো হচ্ছে। কমানো হবে।’

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকার নানা সিদ্ধান্ত নিচ্ছে। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে লাগাম দেওয়াও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। 

আগের দিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরো জানিয়েছিলেন, যেসব উন্নয়ন প্রকল্প ছয় মাস পর করলেও কোনো সমস্যা নেই, অর্থনীতি ও দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে না, সেগুলো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে মোটেও তা বাতিল হচ্ছে না। 

বিলাসপণ্য আমদানিতে নিরুৎসাহিত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, বিশ্বের পরিস্থিতি এখন কঠিন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। তিনি ইঙ্গিত দেন, আরো কঠিন সিদ্ধান্ত আসতে পারে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘যত দিন বৈশ্বিক অস্থিতিশীলতা চূড়ান্তভাবে সুরাহা হচ্ছে না, তত দিন পর্যন্ত কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।’