সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ
বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ হতে চলেছে। এছাড়া অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতেই এসব সিদ্ধান্ত। জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ছিল এর পর অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী।
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এখন থেকে বিদেশ সফর আর নয়। যদি বিশেষ কারণে কর্মকর্তাদের বিদেশ সফরে যতে হয়, তাহলেই যাবেন। অন্যথায় নয়। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কমানো হচ্ছে। কমানো হবে।’
এর সঙ্গে তিনি জানান, যেসব উন্নয়ন প্রকল্প ছয় মাস পর করলেও কোনো সমস্যা নেই, অর্থনীতি ও দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে না, সেগুলো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে মোটেও তা বাতিল হচ্ছে না।
বিলাসপণ্য আমদানিতে নিরুৎসাহিত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, বিশ্বের পরিস্থিতি এখন কঠিন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। তিনি ইঙ্গিত দেন, আরো কঠিন সিদ্ধান্ত আসতে পারে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘যত দিন বৈশ্বিক অস্থিতিশীলতা চূড়ান্তভাবে সুরাহা হচ্ছে না, তত দিন পর্যন্ত কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।’