সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
আগে থেকেই এই আলোচনা চলছিল। এবার এলো সিদ্ধান্ত। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান বিদ্যুৎ সঙ্কটে অফিসের কাজের সূচিতে পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে এই সিদ্ধান্ত এল।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষ হলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভার সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সপ্তাহে কোন কোন দিন ছুটি থাকবে সেটা শিক্ষামন্ত্রী পরে জানিয়ে দেবেন।
তিনি আরও বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।
বদলে গেছে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সূচিও। কমেছে কর্মঘণ্টা। বুধবার থেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কাজ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।