স্পেনের পথে চট্টগ্রামের প্রথম পণ্যবাহী জাহাজ
এবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। জানা যায় গত শুক্রবার দুপুরে ৭০০ টিইইউএস কনটেইনারভর্তি রফতানি পণ্য নিয়ে চট্টগ্রাম-স্পেন রুটের প্রথম জাহাজ ‘এমভি স্পিকা’ স্পেনের বার্সেলোনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। তবে আগামী ২০ দিনের মধ্যে জাহাজটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, ২৫ মে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ে।
এদিকে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায় , সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি ‘কমোডিটি সাপ্লাইজ এজি’ তাদের কনটেইনারবাহী তিন জাহাজ ‘এমভি স্পেসিয়া’, ‘এমভি এন্ড্রোমিডা জে’ ও ‘এমভি মিউজিক’ দিয়ে প্রথম কার্যক্রম শুরু করবে। ১৫ দিন পর পর একটি করে জাহাজ ছেড়ে যাবে। জাহাজ তিনটি চট্টগ্রাম থেকে স্পেনের বার্সেলোনা বন্দরে সরাসরি রফতানি পণ্য পরিবহন করবে। এতে সময় লাগবে ১৯ থেকে ২০ দিন। যেখানে এখন সিঙ্গাপুর ও কলম্বোতে জটের কারণে সময় লাগছে ৩৫ থেকে ৪০ দিন।
চট্টগ্রাম-স্পেন রুটে সরাসরি জাহাজ চালুর ফলে রফতানি পণ্য ইউরোপে পাঠাতে সময় অনেকটাই কমে আসবে বলে বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে স্থানীয় শিপিং এজেন্ট ‘রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড’।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হওয়া আমাদের জন্য একটি বড় অর্জন। পর্তুগাল, স্লোভেনিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সরাসরি জাহাজ পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। তারা আবেদন করলে আমরা সেটিকে অগ্রাধিকার দেবো। এতে করে আমাদের ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের মধ্যে পণ্য রফতানি করতে পারবেন। এর পাশাপাশি বহির্বিশ্বের দেশগুলোতে আমাদের সুনামও বাড়বে।