বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সৌদি পাঠানোর নাম করে ঢাকায় এনে ধর্ষণ, গ্রেপ্তার ৪

মোহাম্মদ খাইরুল আমিন 16 এপ্রিল 2022, 05:08 বিকাল 231 বার পঠিত
সৌদি পাঠানোর নাম করে ঢাকায় এনে ধর্ষণ, গ্রেপ্তার ৪

ধর্ষণের শিকার এক নারীকে উদ্ধার করল র‌্যাব। সেই সূত্র ধরেই তারা সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে মূল খবর হলো, সৌদি আরবে পাঠানোর নাম করে মৌলভীবাজার থেকে ঢাকায় ডেকে এনে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। 

গত ১২ এ্রপ্রিলের ঘটনা। মৌলভীবাজার থেকে এক নারীকে ওই মানবপাচার সংস্থার পক্ষ থেকে ঢাকার রামপুরায় ডেকে আনা হয়। উদ্যোগটা এই চক্রের অন্যতম হোতা কামরুলের সহযোগী তোফায়েলের। তোফায়েল ওই নারীকে শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব দিলে নারী তাতে সাড়া দেননি। এর পর তাকে ধর্ষণ করা হয়। এক সুযোগে ওই নারী মোবাইল ফোনে র‌্যাবের কাছে সাহায্য প্রার্থনা করেন। ১৩ এপ্রিল রাতে র‌্যাব ওই নারীকে উদ্ধার করে। 

এর পর রামপুরা ও হাতিরঝিল থেকে ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুল আহম্মেদ (৪২), খালেদ মাসুদ হেলাল (৩৬), তোফায়েল আহম্মেদ (৩৮) ও মো. জামাল (৪২)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৭টি পাসপোর্ট, একটি মনিটর, একটি সিপিইউ, একটি মাউস, একটি কিবোর্ড, একটি ইউপিএস, ১০০টি ভুয়া ভিসার কপি, ১২৫টি ভুয়া টিকিট, চারটি মোবাইল ফোন এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ব্রিফ করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহম্মেদ।

তিনি জানান, তোফায়েল ভিকটিমকে গৃহকর্মী হিসেবে সৌদি আরব পাঠানোর প্রলোভন দেখায়। সৌদি যেতে রাজি হন তিনি। এরপর সৌদি যেতে হলে আরবি ভাষার ট্রেনিং করতে হবে, এ কথা বলে ভিকটিমকে ঢাকায় নিয়ে এসে কামরুলের বাসায় আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভিকটিমকে রামপুরা থানায় পাঠানো হয়। ভিকটিম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে
রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধান ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্র। তাদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই।